গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলের জোট বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জোটের সিনিয়র নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
এ সময় ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করেন, আর প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার গঠনের পর থেকেই বিভিন্ন খাতে অনিয়ম ও জনভোগান্তি বেড়েছে। তারা বলেন, জনগণ পরিবর্তনের মাধ্যমে স্বস্তি প্রত্যাশা করেছিল, কিন্তু বাস্তবে নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
বক্তারা অবিলম্বে এসব সমস্যার কার্যকর সমাধানের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।