দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের (২০২৫) এই দিনে তিনি ৬৩ বছর বয়সে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে ফিরোজ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে রাজনীতি করেছেন। তিনি রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে এলাকার উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় ও সৎ জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।