বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল। প্রশাসক নিয়োগের প্রস্তাবটি জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় ওইসব ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হবে।
তিনি বলেন, একটি মহল ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে কিছু না বুঝেই এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু তিনি সরকারের নির্দেশে উপজেলায় যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাই ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে না মানার কোনো সুযোগ নেই। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলার সুশীল সমাজ আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।