বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহি। স্থানীয় যুব সমাজকে সঙ্গে নিয়ে সপ্তাহে দুই দিন—শুক্রবার ও শনিবার—রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে পথচারীদের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি মশা-মাছির উপদ্রবসহ পরিবেশ দূষণের আশঙ্কাও ছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে ওবায়দুল ইসলাম মাহি স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমই নয়, ৪ নম্বর ওয়ার্ডের অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। করোনাকালীন কঠিন সময়েও অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছেন ওবায়দুল ইসলাম মাহি। ওই সময় তাঁর মানবিক কর্মকাণ্ডও এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়ায়।
স্থানীয়দের মতে, তাঁর এমন কর্মকাণ্ডে এলাকায় সামাজিক ও মানবিক কাজে তরুণদের অংশগ্রহণও বাড়ছে। সদালাপী, হাস্যোজ্জ্বল ও জনবান্ধব হিসেবে পরিচিত ওবায়দুল ইসলাম মাহি দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তাঁর নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “রাজনীতি শুধু বক্তৃতা বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করা প্রয়োজন। মাহি যেভাবে যুবকদের নিয়ে এলাকার পরিচ্ছন্নতার কাজে নেমেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা প্রশংসনীয়।”
তারা আরও বলেন, ভবিষ্যতে ওবায়দুল ইসলাম মাহি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা রয়েছে তাদের।
তবে স্থানীয়দের এই প্রত্যাশার বিষয়ে ওবায়দুল ইসলাম মাহি বলেন, মানুষের পাশে থাকার জন্য কোনো পদ-পদবির প্রয়োজন নেই। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।