বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সেবা সহজীকরণ, আর্থিক লেনদেনে নিরাপত্তা এবং সরকারি বিভিন্ন সুবিধা আরও সহজে পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
রোববার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক লেনদেন সহজ করা, তাঁদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, তাঁদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেনের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই ডিজিটাল প্রবাসী কার্ড প্রবর্তন করা হচ্ছে।প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে তাঁদের অনন্য অবদানকে সম্মান জানিয়ে যুগোপযোগী সেবা নিশ্চিত করতে হবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা পাবেন এবং সরকারি বিভিন্ন সুবিধাও সহজে ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের সময়বদ্ধ পরিকল্পনা ও সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী প্রবাসীদের কল্যাণে নেওয়া কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ সাধন এবং তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর সেই পরিকল্পনার একটি সুনির্দিষ্ট প্রতিফলন।
সমঝোতা স্মারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।