• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

বাংলাদেশ সফরে ‘র’-প্রধান পরাগ জৈন

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই ‘র’-প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফর সম্পর্কে এখনো ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে প্রতিনিধি দলটি ঢাকার একটি হোটেলে অবস্থান করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরাগ জৈন বর্তমানে ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার বিভিন্ন উদ্যোগের মধ্যে ‘র’-প্রধানের ঢাকায় আগমনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুই দেশের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সফরে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিনিধি দলের সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচ্যসূচি কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তা বা সংস্থার সঙ্গে তাদের বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরটি সরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠিত হলেও এর বিস্তারিত বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক ও কার্যকর যোগাযোগ পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে ‘র’-প্রধানের এই সফর তাই কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে বিশেষ গুরুত্ব বহন করছে।

সূত্র: বিডিনিউজ২৪


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন