কুমিল্লায় বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাঠপর্যায়ের তৎপরতা আরও বাড়াতে হবে। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে।
তিনি বলেন, কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্তে গাফিলতি করা যাবে না। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত ও পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।
গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে ডিআইজি বলেন, দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও কর্মকর্তাদের বিশেষ নজর দিতে হবে।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে পুলিশের কার্যক্রমেও আধুনিকতা আনতে হবে। সাইবার অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়। যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।সভায় জেলার বিভিন্ন থানার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার, মামলার তদন্ত এবং গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।
সভা শেষে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।