কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয়ে দিকনির্দেশনা দেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্যরা তাঁদের নানা সমস্যা কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম, পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন থেকে বিরত থাকা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।
বিশেষ কল্যাণ সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই ঠেকানো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়।
সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জুলাই ২০২৬-এর সেরা কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৌহিদুল আনোয়ারকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামকে সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। তাঁদের ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য উৎসাহিত করা হয়। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।
বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।