কুড়িগ্রামের চিলমারীতে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির’ সঙ্গে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা সভাকক্ষে ফ্রেন্ডশিপ এনজিওর আয়োজনে এবং Friendship Disability Inclusive Development Programme (FDIDP)-এর অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন’ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুম বেগম, ফ্রেন্ডশিপ এনজিওর রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুস সালাম, প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন সরকার, ফিজিওথেরাপিস্ট ইমরান খান ও টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমানসহ আরও অনেকে।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।