রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব সংবাদ দাতা
/ ১৩
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেয়ার
বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।
রুহুল কবির রিজভী এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রিজভী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন ঘোষণা করেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ জিকে গউছ, আশরাফ উদ্দিন নিজান ও রকিবুল ইসলাম বকুলসহ দলটির অন্য নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছয়বার কারাগারে যান বলেও দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।