রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের একটি আধাপাকা টিনশেড বাড়ির উঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের মৃত লাবলুর ছেলে মো. পলাশ (২৩) এবং ঝিকরা উত্তরপাড়া গ্রামের জমির মিয়ার ছেলে মো. জনি (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে চারঘাট থানার পল্লী বিদ্যুৎ মোড় ও এর আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের পলাশের আধাপাকা টিনশেড বাড়ির উঠানে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান।
অভিযানে দুইজনকে আটক করার পর তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।