কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে অসহনীয় লোডশেডিং এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে এসব সমস্যার আশু সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন পণ্যের মূল্য কয়েক দফা বাড়িয়ে এর বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের দায়িত্ব দেশের মানুষের বোঝা লাঘব করা। কিন্তু উল্টো জনগণের দুর্ভোগ বাড়ানো দেশ পরিচালনায় ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
তিনি জনদুর্ভোগ নিরসনে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মনসুর আলম, অফিস ও প্রচার সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল হক জিসানসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।