কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ভেতরে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্থানীয় যুবককে গুলি করার অভিযোগ উঠেছে এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর ক্যাম্প-১৪-এর সি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম মো. ওবায়দুল হক লালু (৩০)। তিনি পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্প-১৪-এর সি/০২ ব্লকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লালুর সঙ্গে রোহিঙ্গা যুবক মো. ইউনুসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ইউনুস আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে লালুর পায়ে গুলি লাগে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দোকানের বকেয়া টাকা ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. ইউনুস ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে এসে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে লালু নামে একজনের পায়ে গুলি লাগে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ক্যাম্পের ভেতরে স্থানীয় এক যুবককে গুলি করার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।