‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সরকারি কলেজে শুরু হয়েছে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’।
বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বেলুন ও ব্যানার উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান সুইট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
টুর্নামেন্টের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে কলেজের ডিগ্রি পাস কোর্স ও ইংরেজি বিভাগ মুখোমুখি হয়। ম্যাচকে ঘিরে কলেজ মাঠে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।