• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড

আল মামুন / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন করে শোর-চিৎকার ও অসংলগ্ন আচরণের মাধ্যমে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও বিরক্তি সৃষ্টির অপরাধে দুই ব্যক্তিকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন—মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুজন (৪৫) ও দড়িকান্দি গ্রামের আফজাল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মেঘনা থানার গোবিন্দপুর ইউনিয়নের নাছিরের মোড়ে দুই ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় স্থানীয় জনতা আটক করে রাখেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মেঘনা থানার এএসআই মো. নুরুন নবী টিপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ও উপস্থিত সাক্ষীদের সামনে জানা যায়, তারা গাঁজা সেবন করে শোর-চিৎকার ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে এলাকায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও জনসাধারণের বিরক্তির সৃষ্টি হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, প্রকাশ্যে মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও বিরক্তি সৃষ্টির মাধ্যমে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ করেছেন। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের সাজা দেওয়ার আবেদন জানানো হয়।
থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় আরও দেখা যায়, সুজনের বিরুদ্ধে ২০২১ সালের ১০ জুন মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। একইভাবে আফজাল হোসেনের বিরুদ্ধেও ২০২১ সালের ২৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশ্যে মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আদালত দুইজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ দিন কারাদণ্ড ভোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন