‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা ঐতিহ্যবাহী পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিদের পাশাপাশি মৎস্যচাষি ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্যচাষিকে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।