রাজশাহী নগরীর অভিজাত এলাকা লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাট থেকে ২ হাজার ১০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মোসা. জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মো. আসাদুজ্জামান (৩৮)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের দশতলা ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, রাজশাহী। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি নীল পলি প্যাকেট থেকে ১০০ পিস এবং একটি টিস্যু ব্যাগের ভেতরে ১০টি প্যাকেটে রাখা আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা ইয়াবার পরিমাণ ২ হাজার ১০০ পিস, যার মোট ওজন ২১০ গ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে, পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় এবং উপপরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে সংশ্লিষ্টদের দাবি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।