হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮০৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।