• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

‘আওয়ারাপন ২’-এর ঝড়, তিন দিনে ১১০ কোটি রুপি

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয়তা ও পুরোনো দিনের নস্টালজিয়াকে কাজে লাগিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘আওয়ারাপন ২’। মুক্তির মাত্র তিন দিনেই সিনেমাটি ভারতে প্রায় ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট এবং ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ১০ লাখ রুপি।

তৃতীয় দিনে আয় কত?

ভারতের স্বাধীনতা দিবসের তুলনায় রোববার (১৬ আগস্ট) ‘আওয়ারাপন ২’-এর আয় কিছুটা কমেছে। এদিন ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে সিনেমাটি প্রায় ২৬ কোটি রুপি আয় করে। আন্তর্জাতিক বাজারে একই দিনে আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি।

এর আগে স্বাধীনতা দিবসে সিনেমাটি আয় করে ৪০ কোটি ৫০ লাখ রুপি। ওই দিনের বক্স অফিস লড়াইয়ে ‘আওয়ারাপন ২’ অন্য সিনেমাগুলোর চেয়ে এগিয়ে ছিল। একই দিনে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২৬ কোটি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি রুপি আয় করে।

ইমরানের পুরোনো রেকর্ড ভাঙল

মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে যায় ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’-এর পুরো বক্স অফিস আয়। প্রথম সিনেমাটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল।

এ ছাড়া শনিবারের মধ্যেই ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়কে ছাড়িয়ে যায় ‘আওয়ারাপন ২’। এর মধ্যে রয়েছে ‘হক’—২০ কোটি, ‘রাজ ২’—২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়ান’—২৬ কোটি এবং ‘জান্নাত’—৩০ কোটি রুপি।

এ কারণে সিনেমাটি ইমরান হাশমির একক নায়ক হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথে রয়েছে।

কী আছে ‘আওয়ারাপন ২’-এ?

২০০৭ সালে মুক্তির পর শুরুতে ‘আওয়ারাপন’ বড় বক্স অফিস সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। আবেগঘন গল্প, জনপ্রিয় গান এবং ইমরান হাশমির অভিনয়ের কারণে সিনেমাটি পরে কাল্ট মর্যাদা লাভ করে।

নিতিন কক্করের পরিচালনায় ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইমরানের ভক্তরা তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির প্রশংসা করছেন।

আসছে কি ‘আওয়ারাপন ৩’?

‘আওয়ারাপন ২’-এর বিশেষ প্রদর্শনীতে মুম্বাইয়ে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমি ‘আওয়ারাপন ৩’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সিক্যুয়েলে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন তিনি। প্রদর্শনীতে দিশা পাটানির সঙ্গে উপস্থিত থেকে দর্শকদের প্রতিক্রিয়াও শোনেন অভিনেতা।

ইমরান বলেন, এই সিনেমা নির্মাতাদের চেয়ে ভক্তদের বেশি। তাই তারা আবার ফিরে এসেছেন।

এক দর্শক ‘আওয়ারাপন ২’ সুপারহিট হবে বলে মন্তব্য করলে ইমরান জানান, সিনেমা এখনো শেষ হয়নি এবং দ্বিতীয়ার্ধ আরও ভালো।

এরপরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আশা করছেন খুব শিগগিরই ‘আওয়ারাপন ৩’ আসবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন