দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ৬৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
গত রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দেশের সব হাসপাতাল তদারকির দায়িত্ব পাওয়া ৬৯ কর্মকর্তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আওতাধীন নির্ধারিত জেলা বা উপজেলার হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
এ ছাড়া পরিদর্শনকারী কর্মকর্তার সংশ্লিষ্ট অনুবিভাগ, অধিশাখা বা শাখায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার সফরসঙ্গী হবেন।
আদেশে আরও বলা হয়েছে, আওতাধীন হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে উপস্থিতি-সংক্রান্ত তথ্য বা প্রতিবেদন দাখিল করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।
জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও নিশ্চিত করতে হবে।
পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা বা উপজেলার হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনের মাধ্যমে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। পাশাপাশি বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, চলতি মাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে কমপক্ষে একটি পরিদর্শন করতে হবে। পরবর্তী সময়ে প্রতি মাসে অন্তত একটি করে পরিদর্শন সম্পন্ন করতে হবে।