সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশের পর দেশটির বেনগাজির গানফুদা বন্দিশালায় আটক আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে চলতি বছর লিবিয়ার বন্দিশালায় আটক এবং দেশটিতে অবৈধ হয়ে পড়া মোট ২ হাজার ৫১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফেরত আনা হয়েছে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন, ২৪ জুন ১৭০ জন, ২৫ জুন ১৭২ জন, ৭ জুলাই ১৭৪ জন, ১৬ জুলাই ১৭১ জন এবং ৭ আগস্ট ৩৪০ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরত আসা অধিকাংশ বাংলাদেশিই মানব পাচারকারীদের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের সহায়তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে যাতায়াতের খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফেরা বাংলাদেশিদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের জানানোর অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা না করার জন্যও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।