চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুমিল্লার মেঘনা উপজেলায় রাত ৮টার পর সব ধরনের দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পর খোলা না রাখার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক। উপজেলার মানিকারচর বাজারের যমুনা প্লাজাসহ বিভিন্ন মার্কেট ও দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় উপজেলাজুড়ে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে সংকট মোকাবিলায় রাত ৮টার পর জরুরি সামগ্রীর দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রশাসনের নির্দেশনা মেনে রাত ৮টার পর সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে। জরুরি সামগ্রীর দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন, আগামীকাল শুক্রবার থেকে রাত ৮টার পর কোনো দোকান বা মার্কেট খোলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। তাঁদের ভাষ্য, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টিও বিবেচনায় রেখে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকটের স্থায়ী সমাধানে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে প্রশাসনের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।