বাসস:
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছে সরকার। বৃক্ষরোপণ, গ্রামীণ সড়ক উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
স্থানীয় সরকার বিভাগের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় ২২টি খাতকে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ কর্মসংস্থান এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ১৮০ দিনে সারাদেশে ১ কোটি ৪০ লাখ বৃক্ষরোপণ, প্রায় ৩ হাজার কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পাকা, ১৩ হাজার ২৬৫ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১১টি বহুমুখী সাইক্লোন শেল্টার এবং ২৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া নগর এলাকায় দৈনিক প্রায় ৯০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি-আর’—রিডিউস, রিইউজ ও রিসাইকেল—নীতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন শহরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. মো. মনিরুল ইসলাম বলেন, ছয় মাসের কর্মপরিকল্পনায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য পূরণ হয়েছে। গ্রামীণ অবকাঠামো, সড়ক, ব্রিজ-কালভার্ট সংস্কার, নগর সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনাতেও পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হয়েছে। পর্যায়ক্রমে কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা মেরামত, সুপেয় পানি, সারফেস ওয়াটার ও বৃষ্টির পানি সংরক্ষণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মাধ্যমে প্রথম ১৮০ দিনে ৭ হাজার ৩৭৮ জন জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনায় সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল ও বর্জ্য পৃথকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৩টি ইন্টারসেকশনে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। আরও ৩৭টি ইন্টারসেকশনে সিগন্যাল স্থাপনের কাজ চলছে।
এদিকে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। এতে অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক সংস্কার, জবাবদিহি ও অপচয় রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে।