দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্বাচনে কোনো ধরনের ঘাটতি নেই বলেও জানিয়েছেন তিনি।
বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯১ সালের পর আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ সময় পর এ ধরনের নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।সিইসি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে এবং সে সময়ও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা চাইলে সংসদে অবস্থান করতে পারবেন। এমনকি ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।
ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থী কতটি ভোট পেয়েছেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হয়েছে—এসব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।
এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র :বাসস