• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির

দিলীপ দাস / আল মামুন / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেঘনা উপজেলা শাখা। শুক্রবার (২১ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে ‘এ+ সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আলমগীর সরকার এবং মো. লোকমান হোসেন ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা উত্তর জেলা শাখার আইন সম্পাদক আজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ভবিষ্যতে দেশের শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থীর দায়িত্ব শেষ হয়ে যায় না। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেঘনা উপজেলা শাখার নেতারা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন