• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে শিশু নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর উপজেলা থেকে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীর ওপর দিয়ে হাউসবোটটি চলার সময় হঠাৎ শিশুটি নদীতে পড়ে যায়।
শিশুটি নদীতে পড়ে যাওয়ার পর হাউসবোটে থাকা পর্যটক ও সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নৌযান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে নদীতে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান শুরু করা হয়।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’
এ ঘটনায় হাউসবোটে থাকা পর্যটকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শিশুটি কীভাবে চলন্ত হাউসবোট থেকে নদীতে পড়ে গেল, সে বিষয়টিও খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন