জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) উপহার দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা এবং তাদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইজিবাইকটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থ্রি-হুইলারটির চাবি হস্তান্তর করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রার সুযোগ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। তাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। ইজিবাইকটি চালুর ফলে এসব শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা-যাওয়া আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন অনেক শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। পরিবহন সংকটের কারণে অনেক সময় তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়ে। নতুন ইজিবাইকটি চালু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের অভিভাবকরাও জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।