রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), রাজপাড়া, কাটাখালী, দামকুড়া, বেলপুকুর, পবা ও মতিহার থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এর মধ্যে রাত আনুমানিক ১১টার দিকে ডিবি পুলিশ কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত জেবার তালুকদারের ছেলে মো. বাবলু তালুকদার (৪৯) ও তাঁর স্ত্রী মো. জমির উদ্দিনের মেয়ে মোসা. কুলসুম বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাবলুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে কুলসুম বেগমের হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া একই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার উপশহর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসংক্রান্ত অপরাধে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
আরএমপি সূত্রে আরও জানা গেছে, পৃথক অভিযানে রাজপাড়া, কাটাখালী, দামকুড়া, বেলপুকুর, পবা ও মতিহার থানা পুলিশও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।