কুমিল্লার দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দোঘর এলাকার আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার (২৪) এবং মুন্সিগঞ্জের টঙ্গী থানার বিকরামপুর এলাকার সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার (১৯)।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাকালীন স্পেশাল-১১ ডিউটিতে ছিলেন। সকাল থেকে তাঁরা দাউদকান্দি পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে নজরদারি ও তল্লাশি চালাচ্ছিলেন।
এরই ধারাবাহিকতায় বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই নারীকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।