ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূ:র্ব সদরবেড়া গ্রামে প্রায় এক যুগ ধরে পলিথিনের তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করছে খগেন মন্ডলের পরিবার। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও এখন পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি একটি পাকা বা আধাপাকা ঘর। অসহায় পরিবারটি সরকারের কাছে একটি ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে।
খগেন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে পলিথিনের ঝুপড়ি ঘরেই বসবাস করছেন তারা। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। ঝড়-বৃষ্টির সময় আতঙ্কে থাকতে হয় পুরো পরিবারকে। ঘরটি এতটাই জরাজীর্ণ যে, সামান্য বৃষ্টিতেই পরিবারের সদস্যদের দুর্ভোগে পড়তে হয়।
খগেন মন্ডল বলেন, “সাংবাদিকরা বাড়িতে এসে ভিডিও করে নিউজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের খোঁজখবর নেয়নি। আমি সরকারের কাছে একটি ঘর চাই। সরকার যদি আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দেয়, তাহলে পরিবার নিয়ে একটু শান্তিতে থাকতে পারব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করায় খগেন মন্ডলের পরিবার নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের দুর্ভোগ চরমে ওঠে। নিরাপদ ও বসবাসযোগ্য একটি ঘরের অভাবে পরিবারটির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “সাংবাদিকরা মোবাইলে ভিডিও প্রকাশ করার মাধ্যমে জানতে পারি খগেন মন্ডল পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করছেন। তারা এর আগে কোনো দিন আমার কাছে আসেননি। আমি বিষয়টি দেখব। নিজে গিয়ে তাদের খোঁজখবর নেব এবং তাদের জন্য কী করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, খগেন মন্ডলের পরিবার ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে টিনের জন্য আবেদন করেছে। তাদের আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব টিনের ব্যবস্থা করা হবে।
অসহায় খগেন মন্ডলের পরিবারের প্রত্যাশা, সরকারি সহায়তায় দ্রুত একটি নিরাপদ ঘর পেলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। পরিবার নিয়ে নিরাপদ ও স্বস্তিতে বসবাসের সুযোগ পাবেন তারা।
তারিখ: ২৬ আগস্ট ২০২৬