ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই মেঘনা,উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদকে ঘিরে জোর তৎপরতা। সম্ভাব্য প্রার্থীরা দলীয় অবস্থান শক্ত করতে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
চেয়ারম্যান পদে প্রায় ডজনখানেক প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. এম এ কাইয়ুম, বিএনপি নেতা হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, সফিউল্লাহ এবং বর্তমান চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপনসহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্র বলছে, ভোটারদের চেয়ে দলীয় নেতাদের সমর্থন আদায়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কে কত বড় নেতা—তা প্রমাণে চলছে নীরব প্রতিযোগিতা। এতে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।২১টি গ্রাম ও প্রায় ২২ হাজারের বেশি ভোটার নিয়ে উপজেলা সদর সংলগ্ন হওয়ায় ইউনিয়নটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থী দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।তফসিল ঘোষণা না হলেও আগাম প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোবিন্দপুর ইউনিয়ন। এখন দেখার বিষয়—দলীয় সমীকরণ ও স্থানীয় সমর্থন কার পক্ষে যায়।