• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

বিপ্লব সিকদার / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মেঘনা উপজেলার কাঠালিয়া নদীর তীরজুড়ে প্রতিদিন বিকেলে দেখা মিলছে এক ভিন্নধর্মী আয়োজনের।মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের  রাধানগর সেতুর নিচে বিস্তৃত অনাবাদি ফাঁকা চর এখন যেন তরুণদের মিলনমেলায় পরিণত হয়েছে। আশপাশের এলাকা ছাড়াও মেঘনা ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক তরুণ দলবেঁধে নামীদামী ব্র্যান্ডের মোটরসাইকেলে চড়ে এখানে এসে জড়ো হন। খোলা আকাশের নিচে শান্ত নদীর পাড়ে বসে তারা আয়োজন করেন ব্যতিক্রমী ইফতার।রোজার মাসে প্রতিদিনই আসরের নামাজের পর থেকেই শুরু হয় তরুণদের আগমন। একে একে মোটরসাইকেলের শব্দে মুখর হয়ে ওঠে রাধানগর সেতুর আশপাশের নির্জন চর। কেউ দুইজন, কেউ চার-পাঁচজন করে বন্ধুদের নিয়ে হাজির হন। কিছুক্ষণের মধ্যেই নদীর এপার-ওপার মিলিয়ে বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বসে পড়েন তারা। হাতে থাকে নিজ নিজ পছন্দের ইফতার সামগ্রী—খেজুর, ফল, ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, শরবতসহ নানা আয়োজন।তরুণদের মতে, শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে বসে ইফতার করার অনুভূতিই আলাদা। বন্ধুবান্ধব মিলে খোলা আকাশের নিচে নদীর বাতাসে বসে ইফতার করলে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। তাই রমজান মাস এলেই তারা চেষ্টা করেন এমন পরিবেশে একসাথে সময় কাটাতে।স্থানীয় এক তরুণ জানান, “প্রতিদিন বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে আসি। আসরের পর থেকেই সবাই ধীরে ধীরে জড়ো হয়। নিজেরা যার যার পছন্দমতো ইফতার নিয়ে আসি। আজকাল আশপাশের উপজেলা থেকেও অনেক বন্ধু এখানে আসে। নদীর বাতাস আর শান্ত পরিবেশে ইফতার করতে সত্যিই ভালো লাগে।”রাধানগর সেতুর নিচের এই চর আগে অনেকটাই নির্জন ছিল। তবে রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই এখানে তরুণদের উপস্থিতি বাড়তে থাকে। এখন প্রায় প্রতিদিন শতাধিক তরুণ দলবেঁধে এখানে এসে ইফতার করেন। কেউ নদীর একেবারে ধারে বসেন, কেউ একটু উঁচু জায়গায়। দূর থেকে দেখলে মনে হয় ছোট ছোট অনেকগুলো মিলনমেলা বসেছে।ইফতারের সময় ঘনিয়ে এলে সবাই নিজেদের আনা খাবার একত্রে সাজিয়ে রাখেন। অনেক সময় এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের তরুণরাও ইফতার ভাগাভাগি করে নেন। ইফতারের আগে কেউ কেউ নদীর ধারে দাঁড়িয়ে ছবি তোলেন, আবার কেউ বন্ধুবান্ধবের সঙ্গে গল্পে মেতে ওঠেন। আজানের ধ্বনি ভেসে এলে সবাই একসঙ্গে রোজা ভাঙেন।এমন দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও। তারা বলছেন, তরুণদের এই উদ্যোগে এলাকার পরিবেশে এক ধরনের আনন্দঘন আবহ তৈরি হয়েছে। প্রতিদিন বিকেলে এত তরুণকে একসাথে এখানে আসতে দেখে অনেকেই নদীর পাড়ে হাঁটতে বা ঘুরতে চলে আসেন।স্থানীয় এক বাসিন্দা বলেন, “আগে এই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকত। এখন রোজ বিকেলে তরুণদের ভিড় হয়। তারা খুব সুন্দরভাবে বসে ইফতার করে। কোনো বিশৃঙ্খলা নেই। বরং সবাই মিলে আনন্দের সঙ্গে সময় কাটায়। এমন দৃশ্য দেখতে ভালোই লাগে।”তবে স্থানীয়রা এটাও মনে করেন, তরুণদের এই মিলনমেলা যেন পরিবেশবান্ধব থাকে। ইফতারের পর খাবারের প্যাকেট, বোতল বা প্লাস্টিক যেন নদীর তীরে ফেলে না রেখে পরিষ্কার করে নিয়ে যায়—এমন সচেতনতার কথাও অনেকেই উল্লেখ করেছেন।
তরুণদের কেউ কেউ জানান, এই আয়োজন শুধুই ইফতার নয়, বন্ধুত্ব ও সম্প্রীতিরও এক অনন্য উদাহরণ। ব্যস্ত জীবনে অনেক বন্ধুর সঙ্গে নিয়মিত দেখা হয় না। কিন্তু রমজানের এই সময়ে সবাই একসাথে বসে ইফতার করার মাধ্যমে সম্পর্কগুলো আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।
সূর্য ডুবে গেলে এবং ইফতার শেষ হলে ধীরে ধীরে সবাই আবার নিজ নিজ পথে ফিরে যান। মোটরসাইকেলের শব্দে আবারও মুখর হয়ে ওঠে নদীর পাড়। কিন্তু পরদিন বিকেল এলেই আবার সেই একই দৃশ্য—নতুন করে জমে ওঠে তরুণদের ইফতার আড্ডা।প্রকৃতির সান্নিধ্যে, নদীর নির্মল বাতাসে এবং বন্ধুত্বের উষ্ণতায় গড়ে ওঠা এই ব্যতিক্রমী আয়োজন এখন মেঘনা উপজেলার রাধানগর সেতুর নিচে এক ভিন্নমাত্রা যোগ করেছে। রমজানের এই দিনগুলোতে তরুণদের এমন মিলনমেলা এলাকাবাসীর কাছেও হয়ে উঠেছে এক আকর্ষণীয় দৃশ্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন