• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]

আদর্শিক পেশা সাংবাদিকতা, প্রশিক্ষণ জরুরী বললেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

নিজস্ব সংবাদ দাতা / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বগুড়া সংবাদদাতা : সাংবাদিকতা একটি আদর্শিক পেশা—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “কেউ আদর্শের জন্য, কেউ আবার আয়ের জন্য এ পেশায় আসেন। তবে পেশাদারিত্ব নিশ্চিত করতে হলে সাংবাদিকতার মান ও নৈতিকতা বজায় রাখা জরুরি।”সোমবার (২৩ মার্চ) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলসংলগ্ন হোটেল নাজ গার্ডেনের একটি হলরুমে ‘জেলার ৯০ দশকের সাংবাদিক সমাজ’ আয়োজিত “সাংবাদিকতার একাল-সেকাল” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকতা পেশা সবসময়ই চ্যালেঞ্জিং। বর্তমান সময়ের তুলনায় অতীতে এ পেশা আরও কঠিন ছিল উল্লেখ করে তিনি বলেন, “ঝুঁকি থাকবেই, তবে সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হয়।” তিনি অভিযোগ করেন, অতীতে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকতা সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিরাও সদস্য হয়েছেন, যা ভবিষ্যতে আর গ্রহণযোগ্য হবে না।
জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বগুড়ার আজিজুল হক কলেজে সাংবাদিকতা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উত্থাপনের আশ্বাস দেন তিনি। পাশাপাশি বগুড়ায় পিবিআইয়ের শাখা চালুর দাবিও তিনি ঢাকায় উত্থাপন করবেন বলে জানান।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। তারা সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশের দাবি তোলেন।
আলোচনা সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত। তারা সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ৬০ জন সাংবাদিক অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি। পেশার মানোন্নয়নে এসব বিষয় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের বগুড়া ব্যুরো ইনচার্জ মোহন আকন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন