• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে সমঝোতার মাধ্যমে যাবতীয় সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মন্ত্রী আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।সংবিধানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হবে এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা সব কিছু অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন করবো। এতে দেশের মানুষের বর্তমান প্রত্যাশা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হবে।”মন্ত্রী আরও জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বীকৃত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধন কমিটি খসড়া প্রণয়ন করবে। পরে জাতীয় সংসদে বিধি মোতাবেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের মাধ্যমে আলাপ-আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।অনুষ্ঠানে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের সনদপত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের সততা, সাহস এবং মানবিকতার সঙ্গে দেশের সেবা করার আহ্বান জানান। তিনি বলেন, “আপনাদের এই ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয়, এটি দায়িত্ব, ত্যাগ এবং সেবার প্রতীক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন