• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

স্বাস্থ্য সুরক্ষায় খাবারের আগে হাত ধোয়ার বিকল্প নেই

মো. ইব্রাহীম খলিল মোল্লা / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

খাবার গ্রহণের আগে হাত ধোয়ার অভ্যাসটি আমাদের দৈনন্দিন জীবনে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যবিধি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা অনেকেই এই অভ্যাসটি ঠিকভাবে অনুসরণ করি না। সাধারণত দেখা যায়, খাবার শেষ করার পরই আমরা হাত ধুই, অথচ খাবার গ্রহণের আগে হাত পরিষ্কার রাখার বিষয়টি প্রায়ই উপেক্ষিত থাকে। এই অবহেলাই অনেক সময় আমাদের অজান্তেই শরীরে রোগজীবাণু প্রবেশের পথ খুলে দেয়।

আমাদের হাত সারাদিন বিভিন্ন জায়গা, বস্তু ও মানুষের সংস্পর্শে আসে। দরজা, টেবিল, মোবাইল ফোন, টাকা কিংবা বাহিরের পরিবেশসহ সবখানেই অসংখ্য ব্যাকটেরিয়া ও জীবাণু লেগে থাকে। আমরা যখন এই হাত না ধুয়ে সরাসরি খাবার খাই, তখন সেই জীবাণু খাদ্যের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করার সুযোগ পায়। বিশেষ করে পাকস্থলী ও অন্ত্রের ওপর এর প্রভাব পড়ে বেশি। ফলে ডায়রিয়া, পেটের সংক্রমণসহ নানা ধরনের পানিবাহিত ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়।

অনেক সময় আমরা ভেবে থাকি পরিষ্কার দেখালেই হাত পরিষ্কার। কিন্তু বাস্তবতা হলো, চোখে দেখা না গেলেও হাতের ত্বকে অণুজীব থাকতে পারে, যা সাধারণ পানিতে না ধুলে পুরোপুরি দূর হয় না। বিশেষ করে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া না হলে এসব জীবাণু থেকে যায় এবং খাবারের সঙ্গে সহজেই শরীরে প্রবেশ করে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল।

গ্রাম-শহর নির্বিশেষে ডায়রিয়া এখনো একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক ক্ষেত্রে আমরা এটিকে শুধুই পানির সমস্যা বা মৌসুমি অসুখ হিসেবে দেখি, কিন্তু এর পেছনে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির ঘাটতিও একটি বড় কারণ। খাবারের আগে হাত না ধোয়ার অভ্যাস এই সমস্যাকে আরও জটিল করে তোলে। বিশেষ করে বাইরে থেকে ফিরে, টয়লেট ব্যবহারের পর বা অর্থ-লেনদেনের পর হাত পরিষ্কার না করে খাবার গ্রহণ করা ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়।

আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাবান দিয়ে অন্তত ৩০ সেকেন্ড ভালোভাবে হাত ধোয়া একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এটি শুধু ডায়রিয়া নয়, টাইফয়েড, হেপাটাইটিস-এ এবং আরও অনেক সংক্রামক রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এই সহজ অভ্যাসটি আমরা অনেক সময় গুরুত্ব দিই না। এছাড়াও স্বাস্থ্য সচেতনতার চেয়ে অভ্যাস গড়ে তোলাটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি কী করা উচিত, কিন্তু তা নিয়মিতভাবে করি না। খাবারের আগে হাত ধোয়ার অভ্যাস যদি পরিবার থেকে শিশুদের মধ্যে গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠা অনেক সহজ হবে।

যাইহোক, খাবারের আগে হাত ধোয়া কোনো অতিরিক্ত নিয়ম না হলেও এটি আমাদের শরীরকে সুরক্ষিত রাখার একটি মৌলিক শর্ত। এই ছোট একটি অভ্যাসই অনেক বড় রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে।

লেখক-

আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন