কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত মেম্বারের মুক্তির দাবিতে থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা সহ অসংখ্য নারী পুরুষ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা আঞ্চলিক সড়কের দু’পাশে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নৌপুলিশ নদীতে চাঁদাবাজির অভিযোগে সাখাওয়াত মেম্বারসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার মুক্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা দাবি করেন, সাখাওয়াত মেম্বার রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।এদিকে, অভিযোগের বিষয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, গোপন তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনার শীর্ষ চাঁদাবাজ জিয়া ও চাঁদাবাজদের সংগঠক শুকানি শফিকের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, “চাঁদাবাজি নির্মূলে আমরা বদ্ধপরিকর। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আদালত যদি তাকে নির্দোষ মনে করেন, তাহলে তিনি মুক্তি পাবেন। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”