• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য হ্রাস এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার নির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোট ৩১০ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এর মধ্যে ১৫৫ জন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।সরকারি সূত্র জানায়, নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। উপকারভোগীরা সরাসরি মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে নির্ধারিত হিসাবগুলোতে প্রথম কিস্তির অর্থও পৌঁছে যায়।অনুষ্ঠানে বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সহায়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়ন অনুদান, শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা এবং চা-শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্রও বিতরণ করা হয়।


উপকারভোগীদের কয়েকজন জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের সহায়তা তাদের পরিবারের ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করছে। প্রথম ধাপের উদ্বোধনের পর দ্বিতীয় ধাপ রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত হয়। তৃতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার থেকে শুরু হলো।এর আগে বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে উপকারভোগী, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন