কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ইয়াবা, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার ৬৫টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ১৫ লাখ ২ হাজার ৭৬০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী সব বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”