কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত দেলোয়ার হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার মামলা নং-১১/১০১-এর এজাহারভুক্ত আসামি মো. নাসির উদ্দিন (৪৫) ও সালে মুসা (৩০)-কে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ও স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তারা মামলার যথাক্রমে ১ ও ১৪ নম্বর আসামি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ মে দিবাগত রাতে উপজেলার তুলাতুলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় আহত দেলোয়ারকে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আবদুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানায় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।
ওসি শহীদুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।