ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।