বিএনপি সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সরকার শাহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ওয়ালিদ শাকিলের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো. মকছুদার রহমান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ মোস্তাক। এছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলার চর্চা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে একাত্তর ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বিতরণ শেষে বিদ্যালয়টির মাঠের এক কোণায় একটি বৃক্ষরোপণ করা হয়। শেষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।