ঢাকা   ০৩:২৮:১৯ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 109 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি বা কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকতে সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত সব গণমাধ্যমের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্র ব্যবহার এবং ফ্যাক্ট-চেক নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি নিবন্ধনপ্রাপ্ত কিছু সংবাদমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য, অপতথ্য এবং এআই-নির্ভর বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট প্রকাশ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মৌলিক নীতিমালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম প্রকাশিত সংবাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধনী প্রকাশ করেছে। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করাকে গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
তথ্য অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্যান্য অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করায় অনেক ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িয়ে পড়ছে। ফলে অপতথ্য ও বিকৃত তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এ কারণে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট-চেক প্রক্রিয়া অনুসরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামী, ভুয়া বা অনিবন্ধিত কোনো প্ল্যাটফর্মকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার জন্য বৈধ গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
তথ্য অধিদপ্তর দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের নিবন্ধন ও ডিক্লারেশনের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি