স্বাস্থ্যগত সমস্যাসহ যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে দেশের সংবিধানে সেই সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।” তিনি আরও বলেন, স্বাস্থ্যগত কারণসহ যে কোনো কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে তার সুযোগ রয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গভবনের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন এবং বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের অবহিত করেছেন।
তবে রাষ্ট্রপতির এই ব্যক্তিগত অভিপ্রায়ের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকারের একাধিক জ্যেষ্ঠ সদস্যের মতে, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী শূন্য পদ পূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বঙ্গভবন সূত্রের দাবি, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয়। সম্প্রতি তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় জটিলতা ধরা পড়েছে বলে জানা গেছে। হৃদরোগজনিত দুর্বলতার পাশাপাশি তার স্নায়বিক সমস্যাও শনাক্ত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
তবে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা তার স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে এখনো বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে আলোচনা চললেও সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।