কুমিল্লার মেঘনা উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান দুর্গাপুর গ্রামের মৃত হাজি আব্দুস সামাদের ছেলে এবং বড়কান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ির পাশের চকের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত ছিল। দায়িত্বরত চিকিৎসক রোগীর ক্লটিং টেস্ট করেন এবং প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখেন। তবে সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া না যাওয়ায় রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, চিকিৎসকরা রোগীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। তবে স্বজনদের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, ভয়ের কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ বিষয়।ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।