সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মেঘনা উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী বাছাইয়ের লক্ষ্যে মৌখিক পরীক্ষা আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’-এর আলোকে আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মেঘনা উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী মনোনয়ন দেওয়া হবে। ইতোমধ্যে আবেদনকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই করা হবে।
সূচি অনুযায়ী রাধানগর, বড়কান্দা, ভাওরখোলা, লুটেরচর, চালীভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও গোবিন্দপুর ইউনিয়নের আবেদনকারীদের পৃথক সময়ে উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া সুপারভাইজার পদের সকল আবেদনকারীর পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারীর ৪৪টি, সুপারভাইজারের ৪টি এবং একটি সংরক্ষিত পদসহ মোট ৪৯টি পদের বিপরীতে ৩৪৩ জন আবেদন করেছেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব রাসেল আহমেদ নির্ধারিত সময় অনুযায়ী সকল আবেদনকারীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।