শব্দদূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের জন্য শান্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এখন থেকে জরুরি প্রয়োজন ছাড়া জেলার কোনো সরকারি গাড়িতে অযথা হর্ন বাজানো হবে না।
বুধবার (২৯ জুলাই) সকালে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার সূচনা বক্তব্যে জেলা প্রশাসক শব্দদূষণ প্রতিরোধের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, “সবার আগে বাংলাদেশ” গড়ার লক্ষ্য অর্জনে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শান্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ পরিকল্পনা প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি এ বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন। জেলা প্রশাসনের লক্ষ্য, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সঞ্চালনায় সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং প্রচলিত আইনের বিধান নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ও প্রাসঙ্গিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে শব্দদূষণমুক্ত গাজীপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসকের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনার একপর্যায়ে জেলা প্রশাসক বলেন, “হিসাব অনুযায়ী গাজীপুর জেলায় প্রায় দুই হাজার সরকারি গাড়ি রয়েছে, যা বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবামূলক কাজে ব্যবহৃত হয়।”
এরপর তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমার গাড়িতে আর অযথা হর্ন বাজাব না। আপনারা কি নিজ নিজ গাড়ির ক্ষেত্রেও এই অঙ্গীকার করতে প্রস্তুত?” জেলা প্রশাসকের এ আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত সব কর্মকর্তা সমস্বরে সমর্থন জানান এবং জরুরি পরিস্থিতি ছাড়া অধীনস্থ সব সরকারি যানবাহনে হর্ন না বাজানোর অঙ্গীকার করেন।
কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অত্যন্ত জরুরি পরিস্থিতিতে কখন ও কোথায় হর্ন ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকা তৈরি করে দ্রুত সব দপ্তরে পাঠানো হবে।
জেলা প্রশাসনের মতে, অহেতুক হর্ন বাজানোর কারণে শহরাঞ্চলে প্রতিদিন শব্দদূষণ মারাত্মক আকার ধারণ করছে। এর ফলে শিক্ষার্থী, রোগী, প্রবীণসহ সাধারণ মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সর্বসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে সরকারি যানবাহন থেকেই উদাহরণ সৃষ্টির এ উদ্যোগ নেওয়া হয়েছে।