মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব পদে পরিবর্তন এনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকারকে নতুন সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগের সদস্য সচিব মিজানুর রহমানকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক সাংগঠনিক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্তে বলা হয়, মিজানুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত ছিলেন এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁকে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদেশে মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকারকে উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।সাংগঠনিক সিদ্ধান্তে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গনি ভূঁইয়া ও সুফিয়া খাতুনের স্বাক্ষর রয়েছে।