ঢাকা   ০৫:৩০:০৩ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026,
  • 68 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট:

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করে ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার (২ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৩০ জুলাই ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটির পাশাপাশি দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এদিকে, সম্প্রতি সংশোধিত প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। নতুন বিধানে বলা হয়েছে, মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল শিক্ষা বোর্ডে পাঠাবেন। বোর্ড ওই তালিকা থেকে সভাপতি মনোনয়ন দেবে।

তবে সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে সভাপতি পদের প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

এ নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি