শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি, চলমান সহায়তা কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে আরও কার্যকর, সমন্বিত ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমে সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
আলোচনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠক শেষে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমে ভবিষ্যতেও একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।