জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ওমর ফারুক:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণ এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সহযোগিতা করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড ও নোয়াখালী ব্লাড ব্যাংক।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। উদ্বোধনের অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে মানবিক এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

রক্তদান কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের জন্য বিনামূল্যে ব্লাড গ্লুকোজ পরীক্ষারও ব্যবস্থা ছিল।

আয়োজকদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোবিপ্রবি প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছিল সেই আয়োজনের অন্যতম অংশ।